
স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর ফাবিয়ান ও গাভিকে আজ নিজ শহর লস ভিলিয়াফ্রাঙ্কায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে সাক্ষাৎকারে ফাবিয়ান খোলাখুলি জানান, ভবিষ্যতে তিনি বেতিসে ফিরতে চান।

ব্যালন ডি’অরের প্রার্থী তালিকায় জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে
ব্যালন ডি’অর জিততে কে না চায়? এই মৌসুমে নিজের পারফরম্যান্সে আমি খুব সন্তুষ্ট। চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ—দুটিই জিতেছি। ব্যালন ডি’অরের দৌড়ে জায়গা পেলে সেটি হবে আমার জন্য সর্বোচ্চ সম্মান।
ভবিষ্যতে বেতিসে ফেরার সম্ভাবনা নিয়ে
সত্যি বলতে, আমি অবশ্যই ফিরতে চাই। এ কথা আমি কখনো লুকাইনি, সব সময়ই বলেছি। বেতিসে ফেরার জন্য অধীর হয়ে আছি এবং লক্ষ্যটি বাস্তবায়নের সময় ক্রমেই কাছে আসছে। আমি অন্তর থেকে একজন বেতিস সমর্থক; কোনো একদিন আবার এই ক্লাবের হয়ে খেলতে চাই।
এ গ্রীষ্মে সেবায়োসের বেতিসে ফেরার সম্ভাবনা নিয়ে
এখনো তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। বিশ্বকাপ চলাকালে প্রায় কারও সঙ্গেই কথা বলার সময় পাইনি। তবে আমি আন্তরিকভাবে চাই দলবদলটি সম্পন্ন হোক। সেবায়োস বেতিসে ফিরলে ক্লাবটির সব সমর্থকই আনন্দিত হবেন।
